Mamata Banerjee আজ ২৮ আগস্ট। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। বুধবার মেয়ো রোডে শুরু হয়েছে টিএমসিপির সমাবেশ। সেখান থেকেই নিজের বক্তৃতায় আর জি কর ইস্যুতে গুরুত্বপূর্ণ বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, মঙ্গলবার ছাত্র সমাজের নাম করে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। সেই প্রসঙ্গ টেনে সরাসরি গেরুয়াশিবিরকে নিশানা করেন তৃণমূল নেত্রী। “আসল আন্দোলনে জল ঢেলে দিতে চক্রান্তের খেলায় নেমেছে বিজেপি। বিজেপি জেনে শুনে বনধ ডেকেছে, কারণ ওদের ডেডবডি চাই। আমরা শান্তি চাই, বিচার চাই, ওরা বিচার চাই না। ওরা চাই আন্দোলনে জল ঢেলে দিতে। তাই চক্রান্তের খেলায় নেমেছে। কালকে কারা এসেছিল আন্দোলন করতে? ছাত্র সমাজ? যদি বাংলার মানুষ হয় তাহলে নবান্ন চেনে না? আমি তো দেখলাম, ওদের অনেকে রাজভবনকে নবান্ন ভেবে ওখানেও ঢিল মেরেছে!”, বলেন মমতা।
পাশাপাশি, মঙ্গলবারের ঘটনায় পুলিশের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশকে সেলাম জানায়। নিজের রক্ত দিয়েছে, কিন্তু বিজেপির চক্রান্তের কাছে কোনও ডেডবডি তুলে দিইনি।” ৮ আগস্ট গভীর রাতে আর জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছিল। সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, “আমি তো রবিবার পর্যন্ত সময় চেয়েছিলাম, তার মধ্যে যদি পুলিশ কোনও কিনারা না করতে পারতো তাহলে তো বলেছিলাম, সিবিআইয়ের হাতে দিয়ে দেব। কিন্তু মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হল। পুলিশ তদন্তের সময়ও পেল না।” এরপরই সিবিআইকে কড়া ভাষায় বেঁধেন মমতা। “সিবিআই তদন্তভার নেওয়ার পর কতদিন অতিক্রান্ত হল? ১৫ দিন। এখনও কেন বিচার হল না?”, প্রশ্ন তৃণমূল সুপ্রিমোর।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1828720996704026746




