এসি ঘরে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই ধ্যানমগ্নতার ছবি দেশবাসীর সামনে তুলে ধরতে নাগাড়ে কাজ করে চলেছে ৫০-৬০টি ক্যামেরা। কেন? আগামিকাল, ১ জুন সপ্তম ও শেষ দফার ভোট। সেই ভোটে বারাণসীর প্রার্থী মোদীর এই সন্ন্যাসী বেশের ছবি লাগাতার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। যা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কংগ্রেস এবং আরজেডি।
সকলেরই অভিযোগ, ভোটের আগে প্রচার শেষ হয়ে যাওয়ার পরেও এটাও এক ধরনের প্রচার। যা প্রভাবিত করবে শেষ দফার ভোটে। মোদীর এই ধ্যান কর্মসূচির ছবি গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমে। এর বিরুদ্ধে কমিশনে নালিশ জানানোও হয়েছে। কংগ্রেসের অভিযোগ, মোদীজি আপনি বর্তমান ও ভবিষ্যতের দিকে তাকান। অতীতের ইতিহাসে ফিরে যাওয়ার প্রয়োজন কী?
বিরোধীদের অভিযোগ, এটা এক ধরনের বিকল্প প্রচার। একসঙ্গে এতগুলি ক্যামেরার লেন্স মোদীকে বিভিন্ন কোণ থেকে ছবি তুলছে। ধ্যানমণ্ডপমের ঘরে শোনা যাচ্ছে মোদীর মুখে ওঙ্কার ধ্বনি। সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক। টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বিরোধী দলগুলির নেতারা কেউ কেউ একে সিনেম্যাটিক বলেও বর্ণনা করেছেন।
বিবেকানন্দের মূর্তির সামনে গেরুয়া বসনধারী মোদী একটি দামি পিঁড়ির সামনে অথবা সাদা চাদরে মোড়া গদির উপর বসে প্রার্থনা করছেন। গলায় রুদ্রাক্ষের মালা। গলায় জড়ানো গেরুয়া উত্তরীয়। হাতেও নামজপের রুদ্রাক্ষ মালা। কখনও হাত জড়ো করে, কখনও দুহাত জানুর উপর রেখে নাম জপের ভঙ্গিমা চোখ বুজে রয়েছেন প্রধানমন্ত্রী। আর বিভিন্ন ক্যামেরা ঘুরছে তাঁর এই ধ্যানস্থ ছবি বন্দি করতে। চক্ষু মুদে থাকা মোদীর চোখেও রয়েছে দামি চশমা।




