২০১৬ সালে দুর্গাপুজো কার্নিভালের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয়ার পর একটি দিন ঠিক করা হয় কার্নিভালের জন্য। সেদিন কলকাতা এবং আশেপাশের এলাকার সেরা পুজোর প্রতিমাগুলি শোভাযাত্রা সহকারে রেড রোড দিয়ে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয়। শুক্রবার রেড রোডে অনুষ্ঠিত হল এবারের পুজো কার্নিভাল। যা দেখে মুগ্ধ ইউনেস্কো। জানা গিয়েছে, দুর্গাপুজোর এহেন বর্ণাঢ্য আন্তর্জাতিক উদযাপন নিয়ে রিপোর্ট যাচ্ছে জেনিভায়।
প্রসঙ্গত, কলকাতা শহর ও শহরতলির সেরা ৯৬টি পুজো অংশ নিয়েছে এবারের কার্নিভালে। অসাধারণ সব ট্যাবলোর শোভাযাত্রা। হরেক ঘরানার নাচ-গান, হস্তশিল্পের প্রদর্শন থেকে থিমের মোড়কে জাতি-ধর্ম ভুলে উৎসবের উদযাপন, সামাজিক বার্তা, পরিবেশ বাঁচানোর অঙ্গীকার— গতকাল রেড রোডে আট থেকে আশি, সবার মন কেড়ে নিয়েছে দুর্গাপুজোর কার্নিভাল। মুগ্ধ রেড রোডে মজুত ইউনেসকোর প্রতিনিধিদল। মুগ্ধ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও অভ্যাগতরাও। বিভিন্ন দেশের প্রায় একশোজন প্রতিনিধি অনুষ্ঠানে এসেছিলেন।
প্রসঙ্গত, সেই মহালয়া থেকেই ইউনেস্কোর প্রতিনিধিরা শহরজুড়ে পুজো পরিক্রমা করেছেন। এবার উৎসবের শেষ প্রহরের সাক্ষীও থাকলেন তাঁরা। মমতার দুর্গাপুজো কার্নিভালের জৌলুস দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছে তাঁদের। আর তাই পুজো শেষ হতেই বোধন থেকে বিসর্জন— শারদ উৎসবের রঙিন উদযাপনের সেই অভিজ্ঞতা প্রাথমিক রিপোর্টের আকারে পাঠানো হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর জেনিভায়। চূড়ান্ত রিপোর্ট পাঠানো হবে পরে।




