বেশ কয়েকবছর আগে শালবনিতে ইস্পাত কারখানা গড়ে তোলার জন্য জমি নিয়েছিল জিন্দাল গোষ্ঠী। তবে বিশ্ব বাজারে মন্দা চলায় সেই কারখানা গড়ে তুলতে পারেনি জিন্দলরা। পরে সিমেন্ট কারখানার জন্য সেই জমির কিছুটা ব্যবহার করেছিল তারা। বাকি জমিতে শিল্প তালুক গড়ে তোলার জন্য রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছিল জিন্দলরা। সেই প্রস্তাব মতোই এবার শিল্প পার্ক গড়ে উঠবে শালবনিতে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব অনুমোদন পায়।
উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, শালবনিতে তিনি একটি ইস্পাতের কারখানা গড়তে চলেছেন। তখন থেকেই জল্পনা তৈরি হয়েছিল, তাহলে কি জিন্দলদের ফেলে রাখ জমিতেই গড়ে উঠবে সৌরভের সেই কারখানা? গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর সেই জল্পনার পালেই যেন আরও বাতাস লাগল।
গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর শিল্প পার্কের ঘোষণা করে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, শালবনিতে জিন্দলরা ৪,১০২ একর জমি পেয়েছিলেন। তার মধ্যে অনেকটাই অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে বিগত কয়েক বছর ধরে। এই আবহে সেখানে এবার ১৯৭৯ একর জমিতে গড়ে উঠবে শিল্প পার্ক। এদিকে ১৩২ একর জমি বাণিজ্যিক ব্যবহারের জন্য রাখা থাকবে। তবে সেখানে সৌরভের কারখানা গড়ে উঠবে কি না, তা স্পষ্ট করেননি ফিরহাদ।




