কার্যত হাড় হিম করা ঘটনা ঘটল শিয়ালদহ থেকে দিল্লীগামী রাজধানী এক্সপ্রেসের কামরায়। এখনও কাটেনি আতঙ্কের রেশ। টিকিট পরীক্ষকের সঙ্গে তর্কাতর্কির মাঝেই আচমকা পরপর গুলি চালাতে শুরু করলেন এক সেনা জওয়ান। ভয়ে কামরার মধ্যে যাত্রীরা ছোটাছুটি শুরু করে দেয়। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ হতাহত হননি বলেই জানা গেছে। এই ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে রেল পুলিশ। ঘটনাটি ঘটেছে রাত পৌনে ১০টা নাগাদ। জানা গেছে, হরবিন্দর সিং নামে ৪১ বছর বয়সি ওই সেনাকর্মী সাধারণ যাত্রী হিসেবে ট্রেনে উঠেছিলেন। তাঁর কাছে যে টিকিটটি ছিল সেটি আসলে হাওড়া-নয়াদিল্লী রাজধানী এক্সপ্রেসের। কিন্তু ভুলবশত শিয়ালদহ থেকে ছাড়া রাজধানী এক্সপ্রেসে উঠে পড়েন তিনি।
এরপর টিকিট পরীক্ষক যখন এসে ওই যাত্রীর টিকিট দেখতে চান তখন তিনি দাঁড়িয়েছিলেন বি৭ এবং বি৮ কামরার মাঝখানে। সেখানেই ভুল টিকিটকে কেন্দ্র করে টিটিইর সঙ্গে বচসা শুরু হয় তাঁর। কথা কাটাকাটির মাঝেই সার্ভিস রাইফেল বের করে গুলি চালাতে শুরু করেন ওই সেনাকর্মী। যাত্রীরা ভয়ে দিশেহারা হয়ে কামরার মধ্যে ছোটাছুটি করতে শুরু করেন। তবে কেউ আহত হননি। এই ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই রাজধানী এক্সপ্রেসে থাকা আরপিএফ জওয়ানরা ধরে ফেলেন ওই ব্যক্তিকে। পরে ঝাড়খণ্ডের কোডার্মা স্টেশনে ট্রেন থামানো হয়। রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় উক্ত সেনাকর্মীকে।




