এবার বিজেপি তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তৃণমূলের ধর্নামঞ্চে এসে প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার জন্যও শুভেন্দু ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আহ্বান জানালেন তিনি। শনিবার রাজভবনের সামনে ধর্নামঞ্চ থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও ফের কটাক্ষ করেছেন অভিষেক। শনিবার সন্ধ্যায় বক্তৃতা করতে গিয়ে অভিষেক বিজেপি নেতাদের উদ্দেশে বলেন, “আপনারা যে দিন সভা করবেন, কলকাতার যে প্রান্তে করবেন, দু’ঘণ্টার ব্যবধানে বলবেন। আমি সেখানে যাব, তথ্য পরিসংখ্যান দিয়ে মানুষকে বলব, কে সত্য কথা বলছে, আর কে মিথ্যা!” সেই সভায় গিয়ে সেই কেন্দ্রীয় বঞ্চনার খতিয়ান তুলে ধরতে চান বলেও জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, শনিবার কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন জ্যোতির পাশে বসেই শুভেন্দু জানান, রাজ্যের বহু মানুষ কেন্দ্রীয় সুবিধা পাওয়ার যোগ্য হলেও পাননি। পুজোর পর এ রকমই প্রায় এক লক্ষ মানুষকে কলকাতায় নিয়ে আসবেন তিনি। তাঁরা জানাবেন নিজেদের ক্ষোভ। শুভেন্দু এও জানান যে, তিনি চান, ওই মঞ্চে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী। সম্মতি দেন জ্যোতিও। এ বার সেই মঞ্চে গিয়ে পরিসংখ্যান তুলে ধরার কথা বললেন অভিষেক। শনিবার সারা দিনে রাজ্যপালের কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। দার্জিলিঙে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করা ছাড়া বোসের আর কোনও কর্মসূচি ছিল না, এমনটা দাবি করে অভিষেক রাজ্যপালের উদ্দেশে বলেন, “আপনার যদি একটাই কর্মসূচি ছিল, তবে আপনি কলকাতায় এলেন না কেন?” পাশাপাশি, তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে রাজ্যপালের বৈঠকের খুঁটিনাটি জানিয়ে অভিষেক দাবি করেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা যে অনৈতিক, তা স্বীকার করেছেন রাজ্যপাল।




