কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবারও রথের চাকা বসে যাওয়ায় সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি। এই প্রসঙ্গে রবিবার তৃণমূল ভবনে বসে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘শুধু আদালত কেন, রথ নিয়ে ওঁরা যেখানে খুশি যাক। তবে তার আগে জনতার আদালতে ওঁদের আসতে বলুন।’
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সায়ন্তন বসু সম্পর্কে পার্থ বলেন, ‘প্রতিদিন এঁদের বক্তব্যে জবাব আমাদের দিতে হবে কেন? বাংলার কোনও ব্লকই এঁদের নাম জানে না। মিডিয়া ওঁদের হিরো বানাতে চাইছে।’ এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘আমাদের রাজ্যে আইন-শৃঙ্খলা অত্যন্ত ভাল। এখানে পুলিশ-প্রধানকে মরতে হয় না। ঢং করে তাঁর পরিবারের সদস্যদের গিয়ে বলতে হয় না, আমরা আপনাদের পাশে আছি। কিন্তু বিজেপি এখন বাংলাকে অশান্ত করতে চাইছে।’
গতকাল তৃণমূল ভবনে পার্থ পশ্চিমবঙ্গ কিষান, খেত-মজদুর সংগঠনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি বলেন, ‘বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছেন।’ বৈঠকে ছিলেন সংগঠনের সভাপতি বেচারাম মান্না। বৈঠকে ঠিক হয়েছে, সিঙ্গুরের জমিতে ধানচাষ হয় না বলে অভিযোগ তুলে বামেরা যে কৃষক সমাবেশ করেছে, এর পাল্টা হিসেবে তৃণমূলের কৃষক সংগঠনও সিঙ্গুর থেকে মিছিল করে জমির ধান নিয়ে এসে নবান্নতে মুখ্যমন্ত্রীকে উপহার দেবে। আগামী ৪ ফেব্রুয়ারি নেতাজি ইনডোরে তৃতীয় কৃষক সম্মেলন হবে। মুখ্যমন্ত্রীকে ওই সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে।




