কলকাতা: দোল পূর্ণিমার রেশ কাটতেই দেশজুড়ে শুরু হয়েছে হোলি উদযাপন। রঙের উচ্ছ্বাসে মেতে উঠেছেন আপামর দেশবাসী। এই উপলক্ষে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
বুধবার সকালে তিনি পোস্টের মাধ্যমে জানান, রঙের এই উৎসব সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও সম্প্রীতি বয়ে আনুক। বিভেদ ভুলে সবাই একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তাও।
হোলি উপলক্ষে শুভেচ্ছা বার্তা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ সমাজমাধ্যমে তিনি লেখেন, রঙের উৎসব নতুন উদ্যম ও ইতিবাচক শক্তি নিয়ে আসুক প্রতিটি মানুষের জীবনে। ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাই হোক এই উৎসবের মূল সুর এমনই বার্তা দেন তিনি।
উল্লেখ্য, বাংলায় দোল পূর্ণিমা উদযাপনের পরের দিন সারা দেশে হোলি পালিত হয়। উত্তর ভারত থেকে পূর্ব ও দক্ষিণ ভারত সর্বত্রই বুধবার রঙের আবিরে মুখর পরিবেশ।




