মধ্যমগ্রাম: বুধবার দুপুরে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ মধ্যমগ্রাম রেল স্টেশন সংলগ্ন এলাকায় আচমকাই ধোঁয়া দেখা যায়৷ কয়েক মিনিটের মধ্যেই সেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে এবং একাধিক দোকান গ্রাস করে নেয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টেশন লাগোয়া এলাকায় বেশ কিছু খাবারের দোকান রয়েছে। তার ঠিক পিছনেই ছিল একটি কাঠগোলা। প্রথমে সেই কাঠগোলাতেই আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। কাঠ ও অন্যান্য দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে আগুন পৌঁছে যায় পাশের দোকানগুলিতে। সেখানে মজুত থাকা গ্যাস সিলিন্ডার একের পর এক বিস্ফোরিত হতে থাকে। বিকট শব্দে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর জোরদার প্রচেষ্টা। তবে ঘিঞ্জি এলাকা এবং সরু রাস্তার কারণে দমকল কর্মীদের কাজ করতে যথেষ্ট সমস্যা হয়। আগুনের তাপমাত্রা অত্যন্ত বেশি থাকায় প্রথম দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগে।
অগ্নিকাণ্ডের জেরে স্টেশন সংলগ্ন এলাকায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য রেল চলাচলেও প্রভাব পড়ে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানানো সম্ভব নয়। এই ঘটনায় বহু দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে আশঙ্কা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট নয়, তবে আর্থিক ক্ষতি ব্যাপক বলে অনুমান করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশাসনের তরফে গোটা এলাকা ঘিরে নজরদারি জোরদার করা হয়েছে।




