কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যে শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। সোমবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত একদিনের ম্যারাথন বৈঠকে অংশ নিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা এবং পুলিশ আধিকারিকরা। প্রথমে দুটি দিনের বৈঠক করার পরিকল্পনা থাকলেও দোল উৎসবের কারণে তা একদিনে সংক্ষিপ্ত করা হয়েছে।
দিনের প্রথমার্ধে কমিশনার, আইজি, ডিআইজি, জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাহিনী মোতায়েন এবং ভোট নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত দ্বিতীয় দফার বৈঠকে সংবেদনশীল বুথ চিহ্নিতকরণ, কেন্দ্রীয় বাহিনীর রুটম্যাপ এবং ভোটার তালিকা সংশোধনের বিষয়গুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে।
বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, স্টেট পুলিশ নোডাল অফিসার (এসপিএনও) এবং সিএপিএফ নোডাল অফিসারের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যার পর বিভিন্ন দপ্তরের প্রধান ও নোডাল অফিসারদের সঙ্গে আরও আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার, ডেপুটি নির্বাচন কমিশনার, ডিরেক্টর জেনারেল, প্রিন্সিপাল সেক্রেটারি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যারা জেলায় জেলায় টহল শুরু করেছে।
গত শনিবার এসআইআর পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তবে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম এখনও ‘বিবেচনাধীন’ রয়েছে। নতুন ভোটার, ঠিকানা পরিবর্তনকারী এবং নথি জটিলতার কারণে এদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। এই নিয়ে ইতিমধ্যে শাসকদল তৃণমূল কংগ্রেস প্রতিবাদে নেমেছে৷




