কলকাতা: সোমবার নজরুল মঞ্চ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক বৈঠকের সাক্ষী হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের আয়োজিত ‘তফশিলির সংলাপ’ সভায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মধ্যে সংগঠন শক্তিশালী করা ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্দেশ দেবেন। রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক থেকে নেতাকর্মীরা এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন।
দলীয় সূত্রের দাবি, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ও নির্বাচন কমিশনের কিছু পদক্ষেপের ফলে ভোটার তালিকা সংশোধনের সময় বহু প্রান্তিক মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই তৃণমূল নেতৃত্ব কর্মীদের নির্দেশ দিতে পারেন এলাকায় এলাকায় গিয়ে তালিকা যাচাই, নথিপত্র ঠিক করা এবং ভোটারদের সচেতন করার কাজে সক্রিয় হতে।
সভায় রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সাফল্য তুলে ধরার ওপরও জোর দেওয়া হবে। তফশিলি সম্প্রদায়ের জন্য চালু হওয়া শিক্ষাবৃত্তি, স্বাস্থ্য পরিষেবা, আবাসন ও সামাজিক সুরক্ষা প্রকল্পের তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। দল মনে করছে, তথ্যভিত্তিক প্রচার মানুষের আস্থা বাড়াতে সাহায্য করবে।
এছাড়াও ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলিতে তফশিলি সম্প্রদায়ের ওপর অত্যাচারের অভিযোগ ও পরিসংখ্যান তুলে ধরে রাজনৈতিক বার্তা দেওয়ার প্রস্তুতিও রয়েছে। ব্লক ও জেলা নেতৃত্বের দায়িত্ব নির্দিষ্ট করা এবং কাজের অগ্রগতি নিয়ে নিয়মিত রিপোর্ট জমা দেওয়ার ব্যবস্থাও চালু হতে পারে বলে সূত্রের খবর।




