কলকাতা: এসআইআর নিয়ে হয়রানির শেষ নেই। বিশেষ নিবিড় সংশোধনীর নামে বারবার সাধারণ মানুষকে হয়রানির মধ্যে পড়তে হয়েছে৷ এবার এসআইআরের চূড়ান্ত তালিকায় প্রায় ৬৪ লক্ষের নাম বাদ পড়েছে। তা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। প্রতিবাদকে আরও জোরালো করতে এবার ধরনায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার দিনই এই সিদ্ধান্তের ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন। জানান, আগামী ৬ মার্চ ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, এসআইআর তালিকায় প্রায় ৬৪ লক্ষের নাম বাদ পড়ার নেপথ্যে বিজেপির বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রাকে দায়ী করেছেন তিনি। অভিষেক আরও বলেন, “এইভাবে এত বিধানসভার মানুষের নাম অ্যাডজুডিকেশন লিস্টে থাকলে সেখানে ভোট হলে হলেও তো অমীমাংসিত থেকে যাবে।”
সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশে অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেন, “বেশি চালাকি করতে যাবেন না। আপনাকে চ্যালেঞ্জ করলাম আমার নামে মামলা করুন। আমি তাহলে মামলা লড়ার সুযোগ পাব। ধরে ধরে মুখোশ খুলব। আপনি যাদের অ্যাজুডিকেশন করেছেন তারাই আপনাদের ৬ মাসের মধ্যে বিচারাধীন করবে।” নাম বাদ যাওয়া দলীয় কর্মীদের ফর্ম ৬ জমা দেওয়ার পরামর্শও দেন অভিষেক।
প্রসঙ্গত, এসআইআর চালুর সময় থেকেই বহু বৈধ ভোটারকে হয়রানির শিকার হতে হয়। এই আতঙ্কের জেরে মৃত্যু হয় বহু মানুষের। মুখ্যমন্ত্রী তথা শাসকদল বারবার এ নিয়ে প্রতিবাদ করে এসেছেন। পূর্বেই এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ভোটমুখী বাংলায় প্রায় ৬৪ লক্ষের নাম বাদ দিয়ে আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলেই অভিযোগ শাসক শিবিরের। আর তার প্রতিবাদে এবার ধরনায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।




