কলকাতা: রঙের উৎসবে মাততে চলেছে গোটা বাংলা। বসন্তের আবিরে রাঙা এই সময়টাতেই বাঙালির ঐতিহ্যবাহী দোলযাত্রা এবং উত্তর ও পশ্চিম ভারতের মানুষের প্রিয় হোলি দুই উৎসবের মিলিত আবহ তৈরি হয়েছে রাজ্য জুড়ে। সেই আবহকে আরও রঙিন করে তুলতে সোমবার বিকেল চারটেয় কলকাতার ঐতিহ্যবাহী মঞ্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে ‘দোলযাত্রা, হোলি ও মিলন উৎসব’। অনুষ্ঠানের শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই উৎসব শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান নয় এটি বহুত্ববাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করবে। আয়োজনে যৌথভাবে রয়েছে কলকাতা পুরসভা, রাজ্যের পর্যটন দফতর এবং তথ্য ও সংস্কৃতি দফতর। বিভিন্ন সম্প্রদায়, ভাষা ও সংস্কৃতির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ রয়েছে বলে প্রশাসনিক মহল জানিয়েছে।
অনুষ্ঠানে থাকছে নাচ, গান, লোকসংগীত, আধুনিক সাংস্কৃতিক পরিবেশনা সহ নানা রঙের আয়োজন। বিশেষ আকর্ষণ হিসেবে কলকাতার মাড়োয়ারি ও গুজরাতি সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় দাণ্ডিয়া নৃত্য অনুষ্ঠিত হবে। আয়োজকদের দাবি, এই নৃত্যপর্ব দর্শকদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। পাশাপাশি বসন্ত ও রঙের উৎসবকে কেন্দ্র করে বিশেষ থিম্যাটিক মঞ্চসজ্জা, আলোকসজ্জা ও আবির খেলার প্রতীকী প্রদর্শনীও থাকবে।
কলকাতা পুরসভা শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। শুধু শহর নয়, জেলা স্তরেও একইভাবে নানা সংগঠনকে আমন্ত্রণ পাঠানো হয়েছে, যাতে উৎসবের আবহ রাজ্যের সর্বত্র ছড়িয়ে পড়ে। প্রশাসনের মতে, এই ধরনের অনুষ্ঠান মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয় এবং সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ তৈরি করে।




