কলকাতা: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বাংলায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। দীর্ঘ চার মাস ধরে সংশোধন ও যাচাই-বাছাই করা হলেও দেখা যাচ্ছে, অনেক জীবিত ভোটারের নামের পাশে “মৃত” লেখা রয়েছে। এমনকি কারও নাম পুরোপুরি তালিকা থেকে বাদ পড়েছে। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক এবং বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
রবিবার সাংবাদিক বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তালিকা প্রকাশের পরই তাঁর ‘একডাকে অভিষেক’ কর্মসূচিতে অন্তত ২৪৩ জন ফোন করে অভিযোগ জানিয়েছেন৷ তাঁদের দাবি, জীবিত থাকার সত্ত্বেও তালিকায় মৃত হিসেবে চিহ্নিত হওয়ায় ভোট দেওয়ার সুযোগ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। অভিষেকের বক্তব্য, এই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে।
শাসকদল তৃণমূল কংগ্রেস আগেই আশঙ্কা প্রকাশ করেছিল যে তালিকা সংশোধনের সময় বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। সেই কারণে বুথ স্তরের কর্মীদের খসড়া তালিকা খুঁটিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল। দলীয় সূত্রের দাবি, খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও চূড়ান্ত তালিকায় বাদ পড়া কিছু ক্ষেত্রে প্রশাসনিক ত্রুটি ঘটেছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘জীবিত ভোটারকে মৃত দেখানো গুরুতর প্রশাসনিক অনিয়ম। প্রয়োজনে বিষয়টি আদালতে তোলা হবে। ভোটার তালিকা শুধু প্রশাসনিক নথি নয়, এটি গণতান্ত্রিক অধিকারের ভিত্তি। কোনও নাগরিক যেন ভুলের কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।’’




