কলকাতা: সোমবার সকালে সল্টলেকের মেট্রো করিডোরে হঠাৎই আতঙ্ক ছড়ায়৷ সেন্ট্রাল পার্ক স্টেশন সংলগ্ন মেট্রো উড়ালপুলের নিচ থেকে কংক্রিটের একটি বড় চাঙড় খসে পড়ে। ঘটনাটি নজরে আসতেই দ্রুত এলাকায় পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিধাননগর থানার পুলিশ৷
প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকাই বিকট শব্দ হয় এবং রাস্তার ওপর বড় কংক্রিটের টুকরো পড়ে থাকে। উপরের দিকে তাকিয়ে দেখলে দেখা যায় উড়ালপুলের গায়ে ফাটল। পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ব্যারিকেড বসায় এবং যান চলাচল নিয়ন্ত্রণ করে। আশপাশের মানুষদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা মেট্রোর একাধিক আধিকারিক। তাঁরা ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেন। তবে কী কারণে এই ফাটল ও চাঙড় খসে পড়ল তা এখনও নিশ্চিত নয়। নির্মাণগত ত্রুটি, আবহাওয়ার প্রভাব বা সাম্প্রতিক ভূমিকম্পের কম্পনের প্রভাব সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাত থেকেই মেরামতির কাজ শুরু হবে। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা হবে এবং ভবিষ্যতে পুনরায় এমন দুর্ঘটনা না ঘটার জন্য সম্পূর্ণ গঠনমূলক পরিদর্শন করা হতে পারে। স্থানীয় বাসিন্দারা জানান, নতুন উড়ালপুলে এমন ঘটনা উদ্বেগজনক। তাঁরা দাবি করছেন, পূর্ণাঙ্গ তদন্ত ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া জরুরি। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।




