কলকাতা: রাজ্যের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন চিরঞ্জীব ভট্টাচার্য। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন অধ্যাপক পার্থ কর্মকার।
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২ মার্চের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। চলতি বছরের শুরুতেই চিরঞ্জীব ভট্টাচার্যকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হয়। সেই সময় থেকে তিনি একই সঙ্গে দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছিলেন। প্রশাসনিক চাপের কারণেই তিনি সংসদের সভাপতির পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, পার্থ কর্মকার দীর্ঘদিন শিক্ষকতা ও প্রশাসনিক কাজে যুক্ত। অ্যাপ্লায়েড ম্যাথামেটিক্সে স্নাতকোত্তর এবং গণিতে পিএইচডি ডিগ্রিধারী এই শিক্ষাবিদ কর্মজীবন শুরু করেছিলেন স্কুল শিক্ষক হিসেবে। পরে রাজ্যের বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন এবং উচ্চশিক্ষা দফতের প্রশাসনিক দায়িত্বও পালন করেন। ফলে শিক্ষা নীতি বাস্তবায়ন ও পরিচালনায় তাঁর অভিজ্ঞতা রয়েছে।




