কলকাতা: শনিবার এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ। এদিন দুপুরেই চূড়ান্ত তালিকা প্রকাশ হবে বলে আগে থেকেই জানানো হয়। তবে তার আগেই বিপত্তি জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। এদিন দুপুর ১টা নাগাদ বন্ধ হয়ে যায় জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট। চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই কাজ করা বন্ধ করে দেয় কমিশনের অ্যাপও। যা নিয়ে রীতিমতো চর্চা তুঙ্গে।
একদিকে অফলাইনে অর্থাৎ বিভিন্ন বুথ ও জেলাশাসকের অফিসে ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে এসআইআরের চূড়ান্ত তালিকা। ফাইনাল ভোটার লিস্ট থেকে কতজনের নাম বাদ পড়ে, সেদিকে নজর সকলের। অন্যদিকে, অনলাইনে কাজ করছে না জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট।
জাতীয় নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানা গিয়েছে, দুপুরে তালিকা প্রকাশ হবে অনলাইনে। সেই মতো ভোটারদের ভিড় https://voters.eci.gov.in/ ওয়েবসাইটে। কাজ করছে না https://ceowestbengal.wb.gov.in/ ওয়েবসাইটটিও। কমিশন জানিয়েছিল নাম দেখা যাবে কমিশনের অ্যাপ ইসিআইনেটেও। কিন্তু কাজ করছে না, সেই অ্যাপও। সেখানে এপিক নম্বর দিলেই ঘুরছে ‘চাকা’!
প্রায় ৪ মাসের এসআইআর প্রক্রিয়া চলার পর আজ, ‘অসমাপ্ত’ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। শেষ পাওয়া খবর অনুযায়ী, অফলাইনে বাঁকুড়া-সহ বিভিন্ন জেলায় এসআইআর তালিকা জেলাশাসকের হাতে পৌঁছে গিয়েছে। বুথে বুথে তা ঝোলানো হচ্ছে। কমিশন সূত্রে খবর, বাঁকুড়ায় বাদ ১ লক্ষ ৩৫ হাজারের নাম। তবে, অনলাইনে ওয়েবসাইট না খোলায় বিপাকে পড়েছেন ভোটাররা।




