কলকাতা: রমজানের শুভেচ্ছা জানিয়ে রাজ্যবাসীকে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজী নজরুল ইসলামের বহুল জনপ্রিয় গান ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান’-এর উল্লেখ করে সম্প্রীতির বার্তা দিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেল পোস্টে এনিয়ে একটি ছোট ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘ পোস্টে লিখেছেন, বাংলার পুণ্যভূমিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সমস্ত সৃষ্টি স্থান-কাল-পাত্র নির্বিশেষে সর্বজনীনতা এবং একতার কথা বলে। সেই ঐতিহ্যই পরবর্তীকালে এগিয়ে নিয়ে গিয়েছেন শ্রীরামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দ।
এক্স হ্যান্ডল পোস্টের শুরুতেই মুখ্যমন্ত্রী কাজী নজরুল ইসলামকে স্মরণ করে লিখেছেন, “মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান/মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ।” এরপর ইংরাজিতে তিনি এ রাজ্যের সম্প্রীতি আর পরমত সহিষ্ণুতার ঐতিহ্য তুলে ধরেছেন। লিখেছেন, ‘পবিত্র রমজান মাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা। কলকাতা পুরসভা আয়োজিত দাওয়াত-এ-ইফতারে যোগদানের সুযোগ পেয়েছিলাম আমি। সমবেত প্রার্থনা, একতার এক আদর্শ মঞ্চ এটি।”
বাংলার আসল পরিচয় তার সম্প্রীতি ও দীর্ঘকালীন ঐতিহ্যে। এই পবিত্রভূমিতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সৃষ্টি একইসঙ্গে বিশ্বজনীন এবং সময় নিরপেক্ষভাবে ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, মানবতা, প্রতিশ্রুতিরক্ষা আর হাতে হাত রেখে পারস্পরিক বন্ধন নিবিড় করার এক আদর্শ সময় এই রমজান মাস। বাংলার আসল ছবি এটাই।
প্রতিবছর রমজান মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু সম্প্রদায়ের অনুষ্ঠানে শামিল হন। বিভিন্ন জায়গায় ইফতার পার্টিতে তাঁকে দেখা যায়। শুধু তাই নয়, রীতি মেনে মুসলিমদের সঙ্গে একাসনে বসে প্রার্থনাও করেন মুখ্যমন্ত্রী। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার বিকেলে কলকাতা পুরসভা আয়োজিত ইফতারে অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুক্রবার সেসবেরই ভিডিও পোস্ট করে রমজানের মাহাত্ম্য আরও একবার তুলে ধরলেন তিনি।




