কলকাতা: এসআইআর নিয়ে বারবার হয়রানির শিকার হচ্ছেন রাজ্যবাসী। এসআই আর আতঙ্কের জেরে মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। আতঙ্কে ভুগছেন রাজ্যবাসী। এর মধ্যেই এসআইআর আতঙ্কে মৃত ও হয়রানির শিকার পরিবারগুলিকে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার এই সমস্ত পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার সিদ্ধান্তও নিল রাজ্য সরকার।
শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এরকম ৬১ জনের তালিকা অনুমোদিত হয়েছে। এর মধ্যে এসআইআর আতঙ্কে মৃত ৫৬ জনের পরিবারের নিকট আত্মীয়দের নাম রয়েছে। এছাড়াও নাগরিক অধিকার ক্ষুণ্ণ হওয়া ও হয়রানির শিকার হওয়ার অভিযোগে চিহ্নিত আরও পাঁচটি পরিবারের একজন সদস্যের নামও নথিভুক্ত করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এঁদের সকলকেই হোমগার্ড পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা ও নদিয়া—এই ১৪ জেলার মোট ৬১টি পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেওয়া হবে বলে জানানো হয়েছে। মার্চ মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে রাজ্যে নতুন করে ১৫টি পদ সৃষ্টির পাশাপাশি ৫১টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাবগুলিতে অনুমোদন দেওয়া হয়েছে। সূত্রের খবর, বক্রেশ্বর উন্নয়ন কর্তৃপক্ষ, মুক্তিমপুর উন্নয়ন কর্তৃপক্ষ, পাথরচাপড়ি উন্নয়ন কর্তৃপক্ষ, ফুরফুরা শরিফ উন্নয়ন কর্তৃপক্ষ এবং তারকেশ্বর উন্নয়ন কর্তৃপক্ষে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানারের ৫টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে।
এছাড়া পশ্চিমবঙ্গ পুর পরিষেবা কমিশনের মাধ্যমে কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরে মেডিক্যাল অফিসার (জেনারেল) পদে ৪১টি শূন্যপদে সরাসরি নিয়োগের ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। কলকাতার এআইডব্লুসি বুনিয়াদি বালিকা উচ্চ বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক বিভাগে ৭টি নিয়মিত শিক্ষকপদ সৃষ্টি ও পূরণের প্রস্তাব অনুমোদন পেয়েছে। শিলিগুড়ি পুরনিগমে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৩টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য ঔষধ নিয়ন্ত্রণ ও গবেষণাগারে জুনিয়র সায়েন্টিফিক অফিসারের ১টি, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের ৫টি এবং জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের ৪টি পদ পূরণের প্রস্তাবও বৃহস্পতিবার মন্ত্রিসভায় পাশ হয়েছে।




