কলকাতা: ফেব্রুয়ারির শেষে উর্ধ্বমুখী পারদ। রীতিমতো গরম অনুভব করছেন রাজ্যবাসী। এর মধ্যেই সাময়িক স্বস্তি দেবে বঙ্গের আবহাওয়া। বেলার দিকে গরমে হাঁসফাঁস করলেও সকাল ও সন্ধ্যার দিকে অনুভূত হবে শীতের আমেজ। আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া। আবার, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকার নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। ২ মার্চ সোমবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। মার্চের শুরু থেকে বাড়বে তাপমাত্রা। পয়লা মার্চেই একধাক্কায় বাড়তে পারে ৪ ডিগ্রি।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। রবিবার থেকে বৃষ্টি কমবে। পরবর্তী সাতদিন শুষ্ক থাকবে আবহাওয়া। সিকিম ও সংলগ্ন উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে! ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সিকিমে হালকা তুষারপাত হবে। তার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। ফেব্রুয়ারির মাসের শেষ দু-দিন এই পরিস্থিতি জারি থাকবে।
তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রা। সকাল ও সন্ধ্যা অনুভূত হবে শীতের আমেজ। তবে লেপ-কম্বলের দরকার আর পড়বে না। বেলা বাড়লে শীতের আমেজ উধাও হবে। আগামী সাতদিন রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই।




