কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে মহিলা ভোটব্যাঙ্কে নজর বাড়াতে নতুন কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। “বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে” শিরোনামে এই উদ্যোগের সূচনা হবে দোল পূর্ণিমার দিন।
দলীয় পরিকল্পনা অনুযায়ী, কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবির খেলে শুভেচ্ছা জানাবেন এবং মহিলাদের জন্য চালু বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে জানাবেন। পরদিন হোলিতে জেলা সদরগুলিতে রক্তদান শিবিরের আয়োজন করা হবে।
আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে ৭ মার্চ জেলা সদরগুলিতে মিছিলের ডাক দেওয়া হয়েছে। নারী ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষার বার্তা সামনে রেখে এই পদযাত্রা হবে। শহর কলকাতা-তেও বিশেষ মিছিলের আয়োজন রয়েছে, যা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে।
৮ মার্চ “লক্ষ্য ঘরে লক্ষ্মীরা” কর্মসূচির মাধ্যমে মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রকল্পগুলির তথ্য পৌঁছে দেবেন। সংগঠন সূত্রে খবর, রাজ্যের বহু অঞ্চল ও ওয়ার্ডে নির্দিষ্ট সংখ্যক পরিবারের সঙ্গে যোগাযোগের লক্ষ্য স্থির করা হয়েছে।
নারী ভোটারের গুরুত্ব বিবেচনায় নির্বাচনের আগে এই ধরনের ধারাবাহিক কর্মসূচি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। শাসকদলের দাবি, এটি সচেতনতা বৃদ্ধির অংশ।




