ব্যারাকপুর: দোলের আগে উপহার পেতে চলেছে রাজ্যবাসী। রাজ্যের সড়ক পরিকাঠামোয় বড় সংযোজন হতে চলেছে নতুন কল্যাণী এক্সপ্রেসওয়ে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২ মার্চ এই আধুনিক ছয় লেনের সড়কটির উদ্বোধন করবেন। প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্প বাস্তবায়ন করেছে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন।
বেলঘরিয়া জংশন থেকে কাঁচরাপাড়া কাঁপা মোড় পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে চালু হলে যাত্রাপথ কমে দাঁড়াবে প্রায় ৪০ মিনিটে। পুরো পথে কোনও ট্র্যাফিক সিগন্যাল না থাকায় গাড়ি চলবে নিরবচ্ছিন্ন গতিতে।
গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলিতে এলিভেটেড করিডর ও আন্ডারপাস তৈরি হওয়ায় যানজটের সমস্যা অনেকটাই কমবে বলে মনে করছে প্রশাসন। এই সড়কের পরিকাঠামোও অত্যাধুনিক। এতে রয়েছে চারটি বড় ফ্লাইওভার, সাতটি বড় আন্ডারপাস, ছয়টি ছোট আন্ডারপাস এবং প্রায় ৭০টি কালভার্ট।
যাত্রীদের সুবিধার জন্য তৈরি হয়েছে প্রতীক্ষালয়, ট্রাক লে-বাই এবং আধুনিক শৌচালয়। নিরাপত্তার কথা মাথায় রেখে রাস্তার দু’ধারে রাখা হয়েছে পৃথক সার্ভিস রোড।
যোগাযোগ ব্যবস্থার উন্নতিতেও এই এক্সপ্রেসওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এই রাস্তায় ওঠা যাবে এবং এরপর হুগলি নদীর উপর অবস্থিত ঈশ্বর গুপ্ত সেতু পার হয়ে উত্তরবঙ্গমুখী যাত্রা আরও দ্রুত হবে।
প্রশাসনের দাবি, এই এক্সপ্রেসওয়ে চালু হলে যশোহর রোড ও বিটি রোডের চাপ অনেকটাই কমবে। উত্তর শহরতলি ও শিল্পাঞ্চলের বাসিন্দারা দ্রুত বিকল্প রাস্তা পেয়ে উপকৃত হবেন। উৎসবের আগে প্রকল্প চালু হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি ফিরবে বলেই আশা করা হচ্ছে।




