কলকাতা: ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্যের আবহে আয়োজিত হল কলকাতা পুরসভার দাওয়াত-এ-ইফতার অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শুভেচ্ছা জানিয়ে বলেন, “সব ধর্মের মানুষ একসঙ্গে থাকলেই সমাজ শক্তিশালী হয় এবং উন্নয়ন আরও গতিশীল হয়।”
বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয় এবং পারস্পরিক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়ে।
এই বার্ষিক ইফতার অনুষ্ঠানের উদ্যোগ নেন শহরের মেয়র ফিরহাদ হাকিম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন জনপ্রতিনিধি, বিশিষ্ট নাগরিক এবং নানা ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে এক বক্তা উল্লেখ করেন, হজযাত্রার সময় বাংলার তীর্থযাত্রীরা যে সুবিধা পান তা অনেক সময় অন্যান্য রাজ্য, যেমন বিহার ও ওড়িশা থেকে যাওয়া যাত্রীদের নজর কাড়ে। তাঁর মতে, প্রশাসনিক সহায়তা ও পরিকল্পনার কারণেই এই সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়েছে।




