কলকাতা: ফের ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। আতঙ্ক ছড়াল গোটা শহরজুড়ে। শুক্রবার দুপুর ১টা ২২ মিনিট নাগাদ কলকাতায় ভূকম্পন অনুভূত হয়। প্রাথমিক অ্যালার্ট অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.০। রীতিমতো বহুতল থেকে আতঙ্কে নিচে নেমে পড়েন সাধারণ মানুষ।
কলকাতায় বারবার কম্পন অনুভূত হয়েছে। সবমিলিয়ে ৪৫ সেকেন্ড কম্পন স্থায়ী হয় শহরজুড়ে। শোনা যাচ্ছে, এদিনের ভূকম্পনের জেরে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি পুরনো বাড়ি হেলে পড়েছে। তবে এখন পর্যন্ত কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
জানা গিয়েছে, ভূমিকম্পের উৎস কলকাতা থেকে ৯০ কিলোমিটার দূরে বাংলাদেশের খুলনায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র কম্পন অনুভূত হয়।
প্রসঙ্গত, এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাত ৯টা বেজে ৫ মিনিট নাগাদ কেঁপে ওঠে কলকাতার বিস্তীর্ণ এলাকার মাটি। সঙ্গে সঙ্গেই পথে নেমে আসেন আমজনতা। প্রায় ১৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে জানা যায়, কম্পনের উৎসস্থল মায়ানমার। এরপর আবার ফের ২৭ ফেব্রুয়ারিতে কেঁপে উঠল কলকাতা।




