মেদিনীপুর: আসন্ন দোল উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুতি জোরদার করল কেশপুর ব্লক প্রশাসন। বৃহস্পতিবার বিডিও দফতরের আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃত্ব এবং স্থানীয় উৎসব উদ্যোক্তারা উপস্থিত থেকে উৎসবের সময় করণীয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে নেতৃত্ব দেন বিডিও মাসুদ করিম শেখ। উপস্থিত ছিলেন কেশপুর থানার ওসি সুদীপকুমার কর ও আনন্দপুর থানার ওসি গোবর্ধন সাউ-সহ অন্যান্য আধিকারিকরা।
প্রশাসনের তরফে জানানো হয়, গুজব ছড়ানো বা উস্কানিমূলক বার্তা প্রচার করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোলের দিন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল ও নজরদারি চালানো হবে। সংবেদনশীল অঞ্চলগুলিতে অতিরিক্ত বাহিনী প্রস্তুত রাখা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।
পাশাপাশি সামাজিক মাধ্যমে ভুয়ো খবর বা বিভ্রান্তিকর তথ্য নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় ক্লাব ও স্বেচ্ছাসেবীদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কোনও সন্দেহজনক ঘটনা বা তথ্য নজরে এলে দ্রুত প্রশাসনকে জানাতে বলা হয়েছে।
আধিকারিকদের মতে, সকলের সচেতনতা ও সহযোগিতাই পারে দোল উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করে তুলতে।




