কলকাতা: শিক্ষাক্ষেত্রে বড় সংস্কারের পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রায় ২,৪০০ কোটি টাকা ব্যয় করে রাজ্যজুড়ে ৪৩০টি স্কুলকে মডেল স্কুলে উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাঙ্ক, যারা মোট খরচের ৭০ শতাংশ বহন করবে, বাকি অংশ দেবে রাজ্য।
মডেল স্কুলগুলিতে থাকবে স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল লার্নিং ব্যবস্থা, আধুনিক বিজ্ঞান ল্যাব, লাইব্রেরি, উন্নত স্যানিটেশন ও ক্রীড়া সুবিধা। এছাড়াও পরিবেশবান্ধব নির্মাণ ও শক্তি সাশ্রয়ী প্রযুক্তির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলা ও ইংরেজি দু’টি ভাষাতেই শিক্ষা ব্যবস্থা চালু থাকবে। এই ব্যবস্থার কারণ যাতে ছাত্রছাত্রীরা ভবিষ্যতের প্রতিযোগিতায় প্রস্তুত হতে পারে।
শিক্ষামহলের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্প রাজ্যের শিক্ষাব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি মাধ্যমিক স্তর থেকেই বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চালু করার পরিকল্পনাও রয়েছে। শিক্ষা মহলের মতে, এই উদ্যোগ সফল হলে গ্রামীণ ও শহুরে শিক্ষার ব্যবধান কমবে এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার ঘটবে। যা রাজ্যের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়ে জানান, শিক্ষাক্ষেত্রে দেশের মধ্যে বাংলা এখন প্রথম সারিতে রয়েছে। সেই অবস্থানকে আরও সুদৃঢ় করতে ‘স্কুলশিক্ষার সম্প্রসারণ’ প্রকল্পে হাত দিয়েছে রাজ্য। এই প্রকল্পের মাধ্যমে নতুন ভবন নির্মাণের বদলে বর্তমান স্কুলগুলিকেই উন্নত প্রযুক্তি ও আধুনিক পরিকাঠামো দিয়ে সাজানো হবে। প্রতি ব্লকে একটি করে এবং ৮৭টি অনগ্রসর ব্লকে দুটি করে স্কুলকে মডেল স্কুল হিসেবে গড়ে তোলা হবে। এতে দ্রুত প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে এবং কম সময়ে বেশি শিক্ষার্থী সুবিধা পাবে।




