কলকাতা: তিলোত্তমার নদীপথে আধুনিক গণপরিবহণ চালুর জন্য নবান্ন থেকে সবুজ সংকেত মিলেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শহরের যানজট কমানো এবং নদীপথকে আরও কার্যকরভাবে ব্যবহার করার জন্য গঙ্গাবক্ষে ‘ওয়াটার মেট্রো’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
বর্তমানে ইস্ট-ওয়েস্ট মেট্রো দিনে হাজার হাজার যাত্রীকে গঙ্গার তলা দিয়ে পরিবহণ করছে। রাজ্য সরকার পরিকল্পনা করছে ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোটের মাধ্যমে ওয়াটার মেট্রো চালানোর। এই বোট পরিবেশবান্ধব, কম শব্দযুক্ত এবং দ্রুতগামী হওয়ায় যাত্রীদের নদীপথে আরামদায়ক যাতায়াত নিশ্চিত হবে।
পরিকল্পনার জন্য আগামী সপ্তাহে কলকাতা পুরসভায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে৷ উপস্থিত থাকবেন কোচি শহরের কোচি ওয়াটার মেট্রো প্রকল্পের বিশেষজ্ঞরা। তারা প্রযুক্তি, রুট পরিকল্পনা, বোটের ধরন এবং প্রকল্পের খরচ নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেবেন। শুধু ওয়াটার মেট্রোই নয়, নদীর তীরবর্তী অবকাঠামোও আধুনিকীকরণ করা হচ্ছে।
বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় প্রায় ৫০টি জেটি আধুনিক রূপ পেয়েছে। প্রায় আড়াইশো কোটি টাকার প্রকল্পে ১৩টি ই-ভেসেল নামানো হবে এবং আরও ২২টি আধুনিক ভেসেল তৈরি করা হয়েছে। নতুন জেটিগুলোতে স্মার্ট কার্ড গেট বসানো হয়েছে, যাতে যাত্রী ওঠানামা ও টিকিটিং হয় দ্রুত ও ডিজিটাল।
নবান্নের এক কর্তা জানিয়েছেন, প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রযুক্তিগত ও আর্থিক বিষয় খতিয়ে দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অর্থ দফতরের অনুমোদন মেলায় বাস্তবায়নের সম্ভাবনা ইতিমধ্যেই বেড়েছে।




