কলকাতা: সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনার জন্য ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামে পরিষেবা চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়াতেও খোলা হয়েছিল ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামের পেজও। এবার অভিযোগ উঠছে, এই অফিসিয়াল অ্যাকাউন্টই নাকি হ্যাক করা হয়েছে৷ যে সংস্থার দ্বারা এই অ্যাকাউন্ট পরিচালিত হয় তার পক্ষ থেকে মঙ্গলবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানানো হয়েছে৷
লিখিত অভিযোগে জানানো হয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রী ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে হ্যাকাররা ৪৭টি অনুমোদনহীন মেসেজও পাঠিয়েছে। ইনস্টাগ্রামে দুটি স্টোরিও আপলোড হয়েছে। রাত ২টো ৬ মিনিট থেকে ২টা ১৯ মিনিটের পর্যন্ত একাধিক অনুমোদনহীন মেসেজ পাঠানো হয়। পরবর্তীতে আবার সকাল ৯টা ১১ মিনিট থেকে ৯টা ২২ মিনিটের মধ্যে দ্বিতীয় দফায় মেসেজ পাঠানো হয়েছে। সবমিলিয়ে মোট ৪৭টি অনুমোদনহীন ডাইরেক্ট মেসেজ পাঠানো হয়েছে।
অভিযোগকারী সংস্থা পুলিশকে জানিয়েছে, ওই ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটি ব্যবহারের জন্য বেশকিছু নিয়মাবলি রয়েছে। একটি সরকারি মোবাইল ফোন, নির্দিষ্ট একটি ল্যাপটপ এবং একটি অফিস ডেস্কটপ-এই তিনটি অনুমোদিত ডিভাইস দিয়ে এই অ্যাকাউন্টে খোলা যায়। কিন্তু হ্যাকের খবর চাউর হতেই দ্রুত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা, ইলেকট্রনিক রেকর্ড, স্ক্রিনশট ও টাইম স্ট্যাম্প ইত্যাদি সংরক্ষণ করা হয়।
পাশাপাশি, হ্যাকাররা ওই অ্যাকাউন্ট ব্যবহারে ‘এগিয়ে বাংলা’, ‘কলকাতা পুলিশ’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল পুলিশ’-কে মেসেজ পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করে দোষীদের চিহ্নিতকরণে তদন্ত শুরু হয়েছে।




