কলকাতা: রাজ্যের বিভিন্ন আদালতগুলিতে হুমকি ইমেলেকে ঘিরে আতঙ্ক ছড়ায়। এবার রাজ্যের কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিতে বোমাতঙ্ক। হুমকি ইমেল কলকাতা সহ রাজ্যের একাধিক অফিসে। এই ইমেল পাওয়ার পরেই তড়িঘড়ি নেওয়া হয় ব্যবস্থা। খালি করে দেওয়া হয় অফিসগুলি। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে। ইতিমধ্যেই পুলিশ তৎপর হয়ে তল্লাশি চালাচ্ছে।
পোস্ট ও পাসপোর্ট অফিসগুলিতে আরডিএক্সের সঙ্গে রাখা সায়ানাইড! দুপুর ১টা ১৫ মিনিটের মধ্যে সেইগুলি ব্লাস্ট হবে! এরকমই হুমকি ইমেল আসে বৃহস্পতিবার। যার জেরে রাজ্যজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।
উত্তরের রায়গঞ্জ, বালুরঘাট থেকে পশ্চিমের কাঁথি। কলকাতা থেকে কাটোয়া, নদিয়া থেকে হাওড়া, আসানসোল থেকে কোচবিহারের একাধিক জায়গার পোস্ট ও পাসপোর্ট অফিসে হুমকি বার্তা আসে। কলকাতায় লালবাজারের পিছনে পাসপোর্টের রিজিওনাল অফিসেও হুমকি ইমেল আসে। বারাকপুরে হেডপোস্ট অফিসেও বোমাতঙ্ক ছড়ায়।
জানা গিয়েছে, এই ইমেলে লেখা হয় সায়ানাইড ও আরডিএক্স রাখা আছে! কর্মীদের সরিয়ে নিয়ে যাও। এরপরই তীব্র আতঙ্ক ছড়ায় উপস্থিত কর্মী, সাধারণ মানুষের মধ্যে। সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় অফিসগুলি। খবর যায় পুলিশ ও বোম্ব স্কোয়াডে। জানা গিয়েছে, অফিসগুলিতে তল্লাশি শুরু হয়েছে।




