কলকাতা: রাজ্যের যুবকদের আর্থিক সহায়তার লক্ষ্যে চালু হওয়া যুবসাথী প্রকল্প ঘিরে নজিরবিহীন সাড়া মিলেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়ায় মাত্র ন’দিনে প্রায় ৭৬ লক্ষ ৭৭ হাজার আবেদন জমা পড়েছে। নির্ধারিত শেষ দিন উপস্থিত হলেও বিপুল সাড়ার কারণে আবেদনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত মিলেছে নবান্ন সূত্রে।
এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক উত্তীর্ণ যুবক-যুবতীরা আবেদন করতে পারছেন। নিয়ম অনুযায়ী চাকরি না পাওয়া পর্যন্ত বা সর্বাধিক পাঁচ বছর ধরে প্রতি মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রশাসনের দাবি, কর্মসংস্থানের অপেক্ষায় থাকা যুবসমাজকে অন্তর্বর্তী আর্থিক নিরাপত্তা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।
জেলাভিত্তিক হিসাবে আবেদন সংখ্যায় এগিয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এরপর রয়েছে মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়া। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গ্রামীণ এলাকার পাশাপাশি শহুরে তরুণদের মধ্যেও প্রকল্প নিয়ে উৎসাহ স্পষ্ট। এদিকে রাজ্যজুড়ে আয়োজিত বিভিন্ন সরকারি শিবিরেও আবেদনকারীদের ভিড় দেখা যাচ্ছে। মহিলাদের আর্থিক সহায়তা প্রকল্পে ভাতা বৃদ্ধির ফলে নতুন করে আবেদন জমা পড়ছে বলে জানা গিয়েছে। ফলে একাধিক প্রকল্পে একসঙ্গে আবেদন জমা দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্প ঘোষণা করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। প্রথমে আগস্টে চালুর কথা থাকলেও পরে সিদ্ধান্ত বদলে ঘোষণা করা হয় যে প্রকল্পটি ১ এপ্রিল থেকেই কার্যকর হবে। সেই অনুযায়ী ফেব্রুয়ারির মাঝামাঝি আবেদন প্রক্রিয়া শুরু হয়। আবেদন সংখ্যা দ্রুত বাড়তে থাকায় সময়সীমা বাড়ানো হলে আরও বহু যোগ্য যুবক এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন বলে আশাবাদী।




