কলকাতা: দক্ষিণ কলকাতার সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় নজিরবিহীন সাফল্য দেখাল এম আর বাঙ্গুর হাসপাতাল৷ ৭৫ বছরের এক বৃদ্ধার পিত্তথলি থেকে ল্যাপারোস্কপিক অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় দুই হাজার পাথর বের করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, সাম্প্রতিক সময়ে এমন ঘটনা বিরল।
রিজেন্ট পার্ক এলাকার ওই বৃদ্ধা কয়েক মাস ধরে তীব্র পেটব্যথা, বমি ও হজমজনিত সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেও আরাম পাননি তিনি। অবশেষে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়ে সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তাঁর পিত্তথলিতে বিপুল সংখ্যক পাথর জমে রয়েছে।
রোগীর বয়সজনিত ঝুঁকি এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকায় প্রথমে তা নিয়ন্ত্রণে আনা হয়। এরপর সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক নিলয় নারণায় সরকারের নেতৃত্বে ল্যাপারোস্কপিক পদ্ধতিতে অস্ত্রোপচার করা হয়। দলের সঙ্গে ছিলেন ইন্দ্রাণী দেবনাথ, অনুভব সাহা ও মহিবুল্লা। অ্যানাস্থেসিয়ার দায়িত্বে ছিলেন ব্রজেন্দ্রনাথ দাস, হিমালয় দত্ত, সরফরাজ রহমান ও শাহারিয়া। নার্সিং টিমের মধ্যে অণ্বেষা জানা ও অসীমা দাসের ভূমিকা গুরুত্বপূর্ণ।
প্রায় এক ঘণ্টার অস্ত্রোপচারে ধাপে ধাপে পাথরগুলো বের করা হয়। শেষ পর্যন্ত প্রায় দুই হাজার পাথর অপসারণ করা সম্ভব হয়। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর রোগীর অবস্থা স্থিতিশীল। অপারেশনের পর বৃদ্ধার ফোকলা দাঁতের হাসি পুরো ওটির উত্তেজনা কমিয়ে দেয়। হাসপাতালের সুপার শিশির নস্কর বলেন, “সরকারি হাসপাতালে এমন জটিল অস্ত্রোপচার সফল হওয়া সরকারি স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতার প্রমাণ।”
চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, দীর্ঘদিন পেটব্যথা বা হজমজনিত সমস্যার ক্ষেত্রে অবহেলা করা উচিত নয়। সময়মতো চিকিৎসা করানো রোগীর দ্রুত সুস্থতায় সহায়ক।




