কলকাতা: সিইও দফতরের সামনে বিক্ষোভ চলাকালীন হামলার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতি সরগরম। বিক্ষোভে অংশ নেওয়া বিএলও-দের দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকাকালীন বিজেপি সমর্থকদের একাংশ তাঁদের উপর চড়াও হন। মহিলা কর্মীদের সম্মানহানি ও মারধরের অভিযোগ ওঠে।
মঙ্গলবার ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’-র ডাকে সংগঠিত এই বিক্ষোভে অংশ নেন বহু কর্মী। তৃণমূল সমর্থিতদের দাবি, প্রশাসনিক দাবি-দাওয়া নিয়ে শান্তিপূর্ণ ধর্না চলছিল। কিন্তু শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছনোর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, তাঁর আগমনের পরই উত্তেজনা ছড়ায় এবং পরে তাঁর বেরোনোর সময় বিজেপি সমর্থকদের ভিড় বাড়ে।
বিক্ষোভকারীদের বক্তব্য, সেই সময় কয়েকজন পতাকার ডান্ডা নিয়ে তাঁদের মারধর করেন এবং মহিলা কর্মীদের উদ্দেশে কটূক্তি করেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে কয়েকজন চিকিৎসাধীন বলে জানা গিয়েছে৷
এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারীদের বক্তব্য, তাঁদের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া হয়েছে এবং পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
তৃণমূলের নেতাদের দাবি, এই ঘটনা প্রমাণ করে বিরোধী শিবির প্রতিবাদ সহ্য করতে পারে না এবং প্রশাসনিক কর্মীদের উপর হামলা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।




