কলকাতা: পবিত্র রমজান মাস উপলক্ষে এবার রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ প্যাকেজ। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। অন্ত্যোদয় অন্নযোজনা (এএওয়াই ) এবং বিশেষ অধিকারপ্রাপ্ত (এসপিএইচএইচ) পরিবারের জন্য ভর্তুকি যুক্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছরেই এই উদ্যোগ নেয় রাজ্য সরকার। এ বছরও তার অন্যথা হল না।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি সপ্তাহ থেকে ১৯ মার্চ পর্যন্ত এই বিশেষ সুবিধা মিলবে। নির্ধারিত সময়সীমার মধ্যে উপভোক্তারা রেশন দোকান থেকে পরিবারপিছু এক কেজি চিনি ৩২ টাকায়, এক কেজি ময়দা ৩০ টাকায় এবং এক কেজি ছোলা ৬৫ টাকায় সংগ্রহ করতে পারবেন। সমস্ত পণ্যই ভর্তুকিযুক্ত মূল্যে দেওয়া হবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্ধারিত রেশন কার্ডধারীরাই এই সুবিধা পাবেন। উপভোক্তাদের নির্দিষ্ট সময়ে নিকটবর্তী রেশন দোকান থেকে সামগ্রী সংগ্রহের অনুরোধ করা হয়েছে।
সরকারের দাবি, সামাজিক সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। ইদ উৎসব ঘোষণা না-হওয়া পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে। খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর চাহিদা বৃদ্ধি পায়। তাই বিশেষ করে আর্থিক ভাবে দুর্বল পরিবারের কথা মাথায় রেখেই এই উদ্যোগ। রাজ্য জুড়ে সংশ্লিষ্ট রেশন ডিলারদের প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে, যাতে কোনও উপভোক্তা বঞ্চিত না হন।




