কলকাতা: ফের মেট্রোয় বিপত্তি। কলকাতা মেট্রোর ব্লু লাইনে ব্যাহত পরিষেবা। পর পর দাঁড়িয়ে পড়ল মেট্রো। স্টেশনে ঢুকেছে মেট্রো কিন্তু তা সঠিক সময়ে ছাড়েনি। এমনটাই অভিযোগ তুলেছেন যাত্রীরা। এই বিভ্রাটের জেরে ভোগান্তির শিকার হতে হচ্ছে কলকাতা মেট্রোর যাত্রীদের।
গত মাসখানেক ধরে কলকাতা মেট্রোয় একের পর এক বিভ্রাট দেখতে দেখতে যেন অভ্যস্ত হয়ে গিয়েছেন নিত্যযাত্রীরা। কখনও যান্ত্রিক সমস্যা, আবার কখনও সিগন্যাল গোলযোগ। এবার বুধেও মেট্রো নিয়ে ভোগান্তির মুখে। বেলা ১২টা নাগাদ গিরিশ পার্ক স্টেশনে দাঁড়িয়ে থাকা এক যাত্রী জানান, তিনি ১৫ মিনিট আগে স্টেশনে এসেছেন। কিন্তু তখনও পর্যন্ত কোনও মেট্রো আসেনি। জানা গিয়েছে, সকাল সাড়ে ১১টার পর মেট্রো সমস্যার সম্মুখীন হন যাত্রীরা।
দমদম স্টেশন থেকে চাঁদনি চকে আসা এক যাত্রীর দাবি, তিনি বেলা ১২টা ০৫ মিনিটের মেট্রোয় ওঠেন। কিন্তু দমদম স্টেশনে নির্ধারিত সময়ের থেকে অন্তত পাঁচ মিনিট পর ছাড়ে। তবে গোটা পথটাই থমকে থমকে এসেছে। সব স্টেশনে মিনিট কয়েক করে দাঁড়িয়েছিল মেট্রোটি। তার আগে এবং পরের মেট্রোর যাত্রীদেরও অভিজ্ঞতা প্রায় একই। যাত্রীদের একাংশের অভিযোগ, ব্লু লাইন পরিষেবায় প্রায়ই কোনও না কোনও কারণে গন্ডগোল হয়।
তবে প্রথমে কী কারণে বিভ্রাট, তা-ও ঘোষণা করা হয়নি মেট্রো কর্তৃপক্ষের তরফে। কী কারণে এই বিভ্রাট? যাত্রীদের একাংশ জানান, কিছু ক্ষণ পরে স্টেশনে স্টেশনে ঘোষণা করা হয়, গিরিশ পার্কে সিগন্যাল সমস্যার কারণে মেট্রো দেরিতে ছাড়ছে।




