বোলপুর: দোলের সময় শান্তিনিকেতন পর্যটকদের ভিড়ে মুখর হয়ে ওঠে। কিন্তু এবছর উৎসবের আগে এসেছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। হাট কমিটি জানিয়েছে, দোলের দিন এবং পরের দিন অর্থাৎ ৩ ও ৪ মার্চ বন্ধ থাকবে জনপ্রিয় সোনাঝুরি হাট। পরিবেশের ক্ষতি রোধ করাই এই পদক্ষেপের মূল কারণ।
হাট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছর দোলের সময় পর্যটকরা জঙ্গলের ভিতরে ঢুকে আবির ও রঙ খেলেন, যা বনাঞ্চলের জন্য ক্ষতিকর। এছাড়া অভিযোগ রয়েছে, কেউ কেউ চারচাকা গাড়ি বা মোটরবাইক নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করেন। এই পরিস্থিতি রোধ করতে হাট কমিটি বন দফতর ও জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছে। ইতিমধ্যেই আবেদন জমা পড়েছে বোলপুর বন দফতরের রেঞ্জারের কাছে এবং বীরভূম জেলা প্রশাসকের কাছে।
জেলা প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং নির্দেশিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দোল উপলক্ষে জঙ্গলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে, যাতে কেউ অনুমোদিত এলাকার বাইরে প্রবেশ করতে না পারে। হাট কমিটি স্পষ্ট জানিয়েছে, ব্যবসার ক্ষতি হলেও পরিবেশ রক্ষা তাদের অগ্রাধিকার।
এদিকে এবছরও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দোলের দিন বসন্ত উৎসব আয়োজন করছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘরোয়া পরিবেশে আগামী ৬ মার্চ বসন্ত বন্দনা অনুষ্ঠিত হবে এবং সেখানে বাইরের দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। স্থানীয়দের আশা, পর্যটকরা প্রশাসনের নিয়ম মেনে নিরাপদে উৎসব উদযাপন করবেন।




