নয়াদিল্লি: লেহগামী বিমানে বিভ্রাট! ১৫০ যাত্রী নিয়ে মাঝআকাশে বিপত্তি! যার জেরে স্পাইসজেটের এসজি১২১ উড়ানটি দ্রুত জরুরি অবতরণ করল দিল্লিতে। জানা গিয়েছে, বোয়িং ৭৩৭ বিমানটি ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। তড়িঘড়ি বিমানটিকে নামানো হয় দিল্লিতে।
সূত্রের খবর অনুসারে জানা গিয়েছে, সম্ভবত বিমানটির দ্বিতীয় ইঞ্জিনে গোলযোগ দেখা দেওয়ার পরই দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে অনুমতি চাওয়া হয় অবতরণের। তবে জানানো হয়েছে, সব যাত্রীরাই সুরক্ষিত রয়েছেন। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সংস্থার এক মুখপাত্রের তরফে জানানো হয়েছে, ”২৪ ফেব্রুয়ারি দিল্লি থেকে লেহগামী বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় তা দিল্লিতে ফিরে আসে। দিল্লি বিমানবন্দরে বিমানটি নিরাপদেই অবতরণ করে। সব যাত্রীই নিরাপদ রয়েছেন। তবে ককপিট থেকে কোনও আগুনের সতর্কতা ছিল না।”
উল্লেখ্য, গত নভেম্বরেও স্পাইসজেটের একটি বিমানকে জরুরি অবতরণ করতে হয়। মুম্বই থেকে কলকাতাগামী বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। তবে শেষপর্যন্ত বিমানটি নিরাপদেই অবতরণ করে। কোনও যাত্রীর ক্ষতিও হয়নি।




