কলকাতা: বুধবার আসানসোল আদালত চত্বরে হঠাৎ আতঙ্কের ছায়া নেমে আসে৷ এক হুমকিমূলক ইমেলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কোট চত্বরে৷ জেলা জজের অফিসিয়াল মেইলে পাঠানো ওই বার্তায় বলা হয়, আদালতের গুরুত্বপূর্ণ অংশে বিস্ফোরক রাখা হয়েছে এবং তা নির্দিষ্ট সময়ে বিস্ফোরিত হবে। বার্তা পৌঁছানোর সঙ্গে সঙ্গে আদালত চত্বরে তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ কমিশনারেটকে অবিলম্বে জানানো হয়। অল্প সময়ের মধ্যে পুলিশ, বম্ব স্কোয়াড ও স্নিফার ডগসহ বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে। মাইকিং করে আদালত চত্বর খালি করার কাজ শুরু হয়। আইনজীবী, বিচারক, আদালতকর্মী এবং মামলার কাজে আসা সাধারণ মানুষদের নিরাপদ দূরত্বে সরিয়ে আনা হয়।
ইমেলে উল্লেখ করা হয়েছে, আদালতের তিনতলায় আরডিএক্স আইইডি রাখা হয়েছে এবং দুপুরের দিকে কয়েকজন মাওবাদী সদস্য বিচারকের চেম্বার ও কনস্যুলেটের কাছে আসতে পারে। রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হবে। জেলা জজ জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি ভুয়ো হুমকি বলে মনে হলেও নিরাপত্তার কারণে পুরো এলাকা খুঁটিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইমেলের উৎস শনাক্ত করতে সাইবার বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হয়েছে। আদালতের প্রতিটি তলা ও কক্ষ পরীক্ষা করা হচ্ছে এবং সন্দেহজনক কোনো বস্তু থাকলে তা নিরাপদে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার আদালতে পূর্ণ দিবস কাজের দিন হওয়ায় সকাল থেকেই ভিড় ছিল। হঠাৎ এই হুমকি আসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য আদালতের কার্যক্রম স্থগিত রাখতে হয়। প্রশাসন জানিয়েছে, তল্লাশি অভিযান শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
পুলিশ জানিয়েছে, গোটা আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এলাকা ঘিরে রাখা হয়েছে এবং সাধারণ মানুষকে শান্ত থাকার পাশাপাশি পুলিশ নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা গোটা পরিস্থিতি নজরদারি করছেন যাতে কেউ বিপদে না পড়ে।




