কলকাতা: একসঙ্গেই লড়াই, সহযোদ্ধা মুকুল রায় আর নেই! বিচলিত ও মর্মাহত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন একসঙ্গে লড়াই চালিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভাইয়ের সমান দেখতেন মুকুল রায়কে। আজ তাঁর প্রয়াণে মুকুল রায়ের দীর্ঘ লড়াইয়ের স্মৃতিচারণা করলেন মমতা। রাজনৈতিক মহল যে মুকুলের অভাব অনুভব করবে তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণের সংবাদে আমি বিচলিত ও মর্মাহত। তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তাঁর বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে।’
মমতা আরও লেখেন, ‘মুকুল রায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা-লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত করেছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, দলের সর্বস্তরে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। পরে তিনি ভিন্ন পথে যান, আবার ফিরেও আসেন। বাংলার রাজনীতিতে তাঁর অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়। দলমত নির্বিশেষে তাঁর অভাব অনুভব করবে রাজনৈতিক মহল।’ পাশাপাশি মুকুলপুত্র শুভ্রাংশুকে শক্ত হওয়ার বার্তা দিয়েছেন মমতা।




