ভোপাল: দশম শ্রেণির এক ছাত্রকে তারই দুই সহপাঠী ক্লাবে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডে ২৭ বার ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপাল শহরে৷ গুরুতর জখম অবস্থায় কিশোর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার নেপথ্যে রয়েছে আগের দিনের একটি থাপ্পড়ের ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ছাত্র ও অভিযুক্তরা একই স্কুল এবং একই কোচিং সেন্টারের ছাত্র। ঘটনার আগের দিন ক্লাবে বিলিয়ার্ড খেলার সময় তাদের মধ্যে ঝগড়া হয়। অভিযোগ, সেই সময় আহত ছাত্র দুই সহপাঠীকে থাপ্পড় মেরেছিল। প্রতিশোধ নিতে পরের দিন পরিকল্পিত হামলা চালানো হয়।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিযুক্তরা ক্লাবে ঢুকে প্রবেশের সঙ্গে সঙ্গে জখম ছাত্রকে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ শুরু করে। মাত্র ৩০ সেকেন্ডে ২৭ বার কোপ মারা হয়। মাটিতে লুটিয়ে পড়ার পরও হামলা থামেনি। কিশোর অচৈতন্য হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, এত গুরুতর আঘাত সত্ত্বেও ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয়নি। তিনি কোনোভাবে ক্লাব থেকে বের হয়ে স্থানীয়দের সাহায্যে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, তার হাত, ঘাড় ও পিঠে একাধিক গভীর ক্ষত রয়েছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনার গুরুত্ব আরও বেড়েছে। ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা একেবারে পরিকল্পিতভাবে এবং নির্মমভাবে আক্রমণ চালাচ্ছে।
তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মণিপাল সিং ভাদোরিয়া জানিয়েছেন, প্রাথমিকভাবে নিগ্রহের মামলা দায়ের করা হয়েছে। মেডিক্যাল রিপোর্ট হাতে এলে আরও গুরুতর ধারায় মামলা রুজু হবে। প্রথমে অভিযুক্তদের আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।




