কলকাতা: দীর্ঘদিন ভুগছিলেন। অবশেষে রবিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ রাজনীতিক মুকুল রায়। ৭১ বছর বয়সে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন মুকুল রায়। বঙ্গ রাজনীতির চাণক্য হিসাবে পরিচিত মুকুলের মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।
২০২২ সাল থেকে কার্যত অন্তরালে চলে গিয়েছিলেন মুকুল। অসুস্থতার কারণে রাজনীতির ময়দান থেকে বহু দূরে ছিলেন। কিডনি-সহ একাধিক শারীরিক সমস্যার কারণে ভুগছিলেন। মাঝে মধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হত। চিকিৎসাধীন অবস্থাতেই রবিবার গভীররাতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রসঙ্গত, মুকুল রায়ের রাজনৈতিক জীবনের সূচনা কংগ্রেসের হাত ধরে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগ দেন। তৃণমূলের নম্বর টু হিসাবে দীর্ঘকাল কাজ করেছেন পরে ২০১৭ সালে যোগ দেন বিজেপি। তৃণমূলে থাকাকালীন রাজ্যসভার সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। জাহাজ ও রেলমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
২০২১ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে লড়েন মুকুল। জিতে বিধায়কও হয়েছিলেন। ওই বছরই ফের তৃণমূলে যোগ দেন। কিন্তু বিধায়কপদ থেকে ইস্তফা দেননি। তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। তাঁর বিধায়ক পদ খারিজ নিয়ে মামলা হয় আদালতেও। হাই কোর্ট তাঁর বিধায়ক পদ খারিজের করলেও, সেই সিদ্ধান্তে সম্প্রতি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।




