কলকাতা: পরীক্ষায় অনিয়ম ঠেকাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন৷ আসন্ন গ্রুপ সি ও গ্রুপ ডি লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীদের জুতো পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক কয়েকটি পরীক্ষায় জুতোর ভিতরে মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস লুকিয়ে টুকলি করার অভিযোগ সামনে এসেছে। সেই পরিস্থিতি মোকাবিলায় এই কঠোর নিয়ম চালু করা হচ্ছে।
আগামী ১ মার্চ গ্রুপ সি এবং ৮ মার্চ গ্রুপ ডি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পরীক্ষার্থীরা অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু করেছেন। কমিশন জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি ছিল। নতুন নির্দেশিকা অনুযায়ী পরীক্ষাকেন্দ্রে জুতো পরে প্রবেশ করা যাবে না, চটি বা স্যান্ডেল ব্যবহার করতে হবে। মোবাইল, স্মার্ট ডিভাইস ও অলংকার সম্পূর্ণ নিষিদ্ধ। হাতে ঘড়ি পরা যাবে না। স্বচ্ছ জলের বোতল ও স্বচ্ছ পেন ব্যবহার বাধ্যতামূলক। নিষিদ্ধ সামগ্রী সঙ্গে থাকলে পরীক্ষায় বসার অনুমতি বাতিল হতে পারে।
কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখাই প্রধান লক্ষ্য৷ প্রার্থীদের মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে এবং কোনও ধরনের কারচুপি রোধ করতে এই নির্দেশিকা জারি করা হয়েছে। সব পরীক্ষার্থীর জন্য একই নিয়ম প্রযোজ্য হবে বলে কমিশন স্পষ্ট করেছে। পরীক্ষার দিন যথাসময়ে কেন্দ্রে পৌঁছনোর পরামর্শও দেওয়া হয়েছে, যাতে নিরাপত্তা যাচাই প্রক্রিয়ায় দেরি না হয়।




