কলকাতা: প্রশাসনিক দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ মন্ত্রিসভার অনুমোদনের পর নবান্ন থেকে জারি নির্দেশিকায় জানানো হয়েছে, ৯টি স্টেট কনস্টিটিউটেড সার্ভিসে বিভিন্ন বেতনস্তরে অতিরিক্ত ২০ শতাংশ পদ সৃষ্টি করা হবে। এই পদক্ষেপের লক্ষ্য কর্মীদের পদোন্নতির সুযোগ বাড়ানো এবং প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর করা।
১৮ ফেব্রুয়ারির জারি হওয়া স্মারক নম্বর ৬৬১ অনুযায়ী, পে লেভেল ২১ ও ২৪–এ একাধিক পরিষেবায় পদ বৃদ্ধি করা হচ্ছে। এর আওতায় রয়েছে রেভিনিউ, কো-অপারেটিভ, লেবার, এমপ্লয়মেন্ট, ফুড অ্যান্ড সাপ্লাইজ, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এবং লিগ্যাল সার্ভিস। বিশেষভাবে রেভিনিউ সার্ভিসের এক্সাইজ, কমার্শিয়াল ট্যাক্স, স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন এবং কৃষি আয়কর শাখায় নতুন পদ যুক্ত হবে।
একই নির্দেশে বলা হয়েছে, ইনফরমেশন অ্যান্ড কালচার সার্ভিসে পে লেভেল ১৯–এ ৩০ শতাংশ পদ বৃদ্ধি করা হচ্ছে, অর্থাৎ সাতটি অতিরিক্ত পদ তৈরি হবে। যদিও পদসংখ্যা বাড়ছে, সামগ্রিক অনুমোদিত ক্যাডার শক্তি অপরিবর্তিত থাকবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুনর্বিন্যাসের মাধ্যমে পদগুলি কার্যকর করবে।
স্মারক নম্বর ৬৬২–এ সচিবালয় পরিষেবার ক্ষেত্রে পে লেভেল ২১–এ যৌথ সচিব পদে ২০ শতাংশ বৃদ্ধি করে ছয়টি নতুন পদ তৈরির কথা বলা হয়েছে। ফলে ওই স্তরে মোট পদসংখ্যা দাঁড়াবে ৩৬। এছাড়াও মন্ত্রিসভার ১৭ ফেব্রুয়ারির বৈঠকে নীতিগতভাবে অন্যান্য স্টেট কনস্টিটিউটেড সার্ভিসেও একই ধরনের পদ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলিকে ১৫ দিনের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।




