কলকাতা: ভোটমুখী বঙ্গে চলছে প্রস্তুতি। তবে এখনও বিধানদভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা বাকি। তার আগেই বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পয়লা মার্চ থেকেই মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী। দুই দফায় মোট ৪৮০ কোম্পানি আধাসেনা মোতায়েনের কথা জানানো হয়েছে। প্রথম দফায় পয়লা মার্চ ২৪০ কোম্পানি আধাসেনা এবং দ্বিতীয় দফায় ১০ মার্চ বাকি আধাসেনা বঙ্গে মোতায়েন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজিপির কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে জানানো হয়েছে, বাহিনীকে মোতায়েন করার সম্পূর্ণ পরিকল্পনা জানাতে হবে সিআরপিএফের ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি সঞ্জয় যাদবকে। তাঁকে ছাব্বিশের নির্বাচনে বাংলায় কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়সাধক হিসাবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি এই বিপুল সংখ্যক সেনাবাহিনীর থাকা, যাতায়াত-সহ একাধিক ব্যবস্থা করার কথা বলা হয়েছে রাজ্যকে।
জানা গিয়েছে, ৯ সেকশন আধাসেনার মধ্যে ৮ সেকশন কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে বুথের নিরাপত্তা, টহলদারির জন্য। বাকি ১ সেকশন বাহিনীকে ব্যবহার করা হবে ‘কুইক রেসপন্স টিম’ হিসাবে। অর্থাৎ কোনও জায়গায় বড় গন্ডগোল হলে তা থামানোর জন্য ১ সেকশন বাহিনী প্রস্তুত থাকবে।
চিঠিতে জানানো হয়েছে, ২০ ফেব্রুয়ারি শুক্রবার সিদ্ধান্ত হয়েছে, বাংলায় ছাব্বিশের নির্বাচনের জন্য প্রাথমিক ভাবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ১ মার্চ রাজ্যে ২৪০ কোম্পানি মোতায়েন হবে। চিঠিতে জানানো হয়েছে, প্রথম দফায় ২৪০ কোম্পানির মধ্যে সিআরপিএফ জওয়ান থাকবে ১১০ কোম্পানি , বিএসএফ থাকছে ৫৫ কোম্পানি, সিআইএসএফ ২১ কোম্পানি, আইটিবিপি ২৭ কোম্পানি ও এসএসবি ২৭ কোম্পানি আসবে।
বাকি ২৪০ কোম্পানি আধাসেনা আসবে ১০ মার্চ। সেই সময় রাজ্যে আসবে ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ১৬ কোম্পানি সিআইএসএফ, ২০ কোম্পানি টিআইবিপি, ১৯ কোম্পানি এসএসবি মোতায়েন করা হবে রাজ্যে। মূলত বিভিন্ন এলাকায় টহল দেওয়া, স্পর্শকাতর বুথগুলিতে টহল দিয়ে ভোটারদের মনোবল বাড়ানো ও ইভিএম পাহারা দেওয়ার মতো কাজ করবে আধাসেনা।




