আরামবাগ: রাজ্যের বেকার ভাতা প্রকল্পের লাইনে বিজেপি নেত্রী সুদেষ্ণা অধিকারী মোহান্ত৷ বিজেপির এই স্থানীয় নেত্রী সম্প্রতি আরামবাগের গোঘাট ২ নম্বর ব্লক অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে আবেদন জমা দেন। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩৭ বছর বয়সী সুদেষ্ণা এক সন্তানের মা এবং একটি বেসরকারি সংস্থায় কর্মরত। তাঁর স্বামী কর্মহীন হওয়ায় পরিবারের প্রধান উপার্জনকারী তিনিই। সাংবাদিকদের তিনি বলেন, ‘‘এই প্রকল্প বেকার যুবক–যুবতীদের জন্য বাস্তব সহায়ক হতে পারে এবং বহু পরিবার উপকৃত হবে। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র এই উদ্যোগকে প্রশংসা করছি৷ সরকারি প্রকল্পে সবার সমান অধিকার রয়েছে, সেখানে রাজনীতি থাকা উচিত নয়।’’
এই মন্তব্য ভাইরাল হতেই অস্বস্তিতে পড়ে ভারতীয় জনতা পার্টির একাংশ। দলীয় সূত্রে জানানো হয়েছে, তাঁর বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত এবং দলের অফিসিয়াল অবস্থান নয়। আরামবাগ সাংগঠনিক জেলা নেতৃত্বও জানায়, ব্যক্তিগত প্রয়োজনে সরকারি প্রকল্পে আবেদন করা রাজনৈতিক অবস্থানকে প্রতিফলিত করে না।
অন্যদিকে গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সৌমেন দিগারের দাবি, ‘‘এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য। উনি সর্বস্তরের মানুষের জন্য ভাবেন। এটাই তার প্রমাণ। তিনি কোনও রাজনীতি দেখেননি। তিনি কখনও দল, রঙ, বর্ণ, ধর্ম, জাতপাত কিছুই দেখেননি।’’




