কলকাতা:আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনুষ্ঠানের আয়োজন তিলোত্তমায়। শনিবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন করা হবে দেশপ্রিয় পার্কে। আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। সেই উপলক্ষেই এবার দেশপ্রিয় পার্কে বিকেল ৪টে নাগাদ হাজির হবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, বাংলা গান কবিতায় ভাষা আন্দোলনকে স্মরণের পাশাপাশি এদিন বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা প্রদানও অনুষ্ঠিত হবে। সাহিত্য ও সংস্কৃতি জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরাও উপস্থিত থাকবেন।
অন্যান্য বছরের মতো এবারও পশ্চিমবঙ্গ সরকারের তরফে বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুধু শহর কলকাতায় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘অমর একুশে’ স্মরণ অনুষ্ঠিত হচ্ছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে জড়িয়ে বাঙালির প্রাণের প্রিয় বাংলা ভাষার দীর্ঘ ইতিহাস, সংস্কৃতি, আন্দোলন আর সালাম-জব্বর-বরকতদের আত্মবলিদানের রক্তাক্ত স্মৃতি। পরবর্তীতে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে আয়োজিত ইউনেস্কোর অধিবেশনে ২১ ফেব্রুয়ারি দিনটিকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়। বিশ্বের দরবারে বিশেষ মর্যাদা লাভ করে বাংলা ভাষা।




