কলকাতা: রাজ্যের যুবসমাজকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য ‘যুবসাথী’ প্রকল্পের আবেদন এখন অনলাইনে নেওয়া হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অনলাইনে আবেদন করা সম্ভব। দিনের অন্য সময়ে কেউ পোর্টালে প্রবেশ করলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে যে আবেদন করার সময় শেষ।
১৫ ফেব্রুয়ারি রাজ্যে অফলাইনে ‘যুবসাথী’-র আবেদন শুরু হয়। ব্যাপক সাড়া পেয়ে, ১৬ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করা হয়। নবান্ন সূত্র জানা গিয়েছে, প্রতিদিন গড়ে প্রায় ৮ লাখ আবেদন অনলাইনে জমা পড়ছে।
আবেদনকারীরা https://apas.wb.gov.in পোর্টালে প্রবেশ করে নিজের তথ্য নথিভুক্ত করতে পারবেন। পোর্টালে বাম পাশে ‘স্বনির্ভর বাংলা’ এবং ডান পাশে ‘যুবসাথী প্রকল্প’ বিকল্প থাকবে। ‘ক্লিক টু অ্যাপ্লাই’-এ গিয়ে ‘অ্যাপ্লাই অনলাইন’ লিঙ্কে ক্লিক করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাই করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং সাদা কাগজে নিজের নামসহ সই করা ছবি। সমস্ত নথি নির্ধারিত ফরম্যাটে আপলোড এবং ওটিপি যাচাই করার পর আবেদন সম্পূর্ণ হবে।
সফলভাবে আবেদন জমা দিলে আবেদনপত্রের কপি ডাউনলোড করার সুবিধা থাকবে। প্রশাসন পরামর্শ দিয়েছে, ভবিষ্যতে প্রয়োজনে এই কপি সংরক্ষণ করা উচিত। এই নতুন সময়সীমার মাধ্যমে যুবসমাজ আরও সহজ, দ্রুত এবং নিরাপদভাবে ‘যুবসাথী’ ভাতার জন্য আবেদন করতে পারবে।




