কলকাতা: বৃহস্পতিবার সন্ধেয় ফুটবল খেলতে গিয়ে আচমকা অসুস্থ হন মেঘালয়ের শিলং লোকসভার সাংসদ তথা ভয়েস অফ দ্য পিপল পার্টি (ভিভিপি)-র নেতা ডঃ রিকি এ জে সিংকন। এরপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা না পেয়ে অবশেষে মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ”শিলংয়ের সাংসদ এবং একজন জনপ্রতিনিধি রিকি এজে সিংকনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত, যিনি একজন নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি ছিলেন, যিনি তাঁর জীবন জনগণের কল্যাণ ও আকাঙ্খার জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি আন্তরিকতা, দৃঢ়তা এবং দায়িত্ববোধের সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছিলেন। মানুষের কাছে তিনি তাঁর দৃঢ় দৃষ্টিভঙ্গি, জনগণের কাছে সহজলভ্যতা এবং আঞ্চলিক পরিচয় ও উন্নয়নের প্রতি অবিচল অঙ্গীকারের জন্য পরিচিত ছিলেন।”
এই মর্মে অভিষেক আরও লেখেন, “তাঁর অকাল মৃত্যু মেঘালয়ের জনগণ এবং আমাদের জাতির বৃহত্তর গণতান্ত্রিক সমাজের জন্য এক গভীর ক্ষতি। এই শোকের মুহূর্তে আমি তাঁর পরিবার, সহকর্মী এবং সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”
প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভিভিপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি তিনবারের কংগ্রেস সাংসদ ভিনসেন্ট এইচ. পালা-কে বিপুল ব্যবধানে পরাজিত করেন। তৃণমূল স্তরের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, উপজাতি অধিকার ও স্বচ্ছ শাসনের পক্ষে জোরালো অবস্থানের জন্য তিনি পরিচিত ছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে মেঘালয়ের রাজনীতিতে, বিশেষ করে ভিভিপির অন্দরে, এক বড় শূন্যতার সৃষ্টি হল বলে মনে করছেন রাজনৈতিক মহল।




