কলকাতা: শীতের বিদায়বেলায়ও ঠাণ্ডার আমেজ এখনও অব্যাহত। বেশকিছু জেলায় এখনও শীত মাঝেসাঝে দেখা দিচ্ছে রাতের দিকে। ভোরের দিকেও অনুভূত হচ্ছে ঠান্ডা। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহেই হতে পারে বৃষ্টি। ভিজতে পারে রাজ্যের কয়েকটি জেলা। সোমবার ও মঙ্গলবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা।
আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। পাশাপাশি ওড়িশা ও সংলগ্ন উপকূলের জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে উর্ধ্বমুখী হবে পারদ। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। উপকূল সংলগ্ন জেলার তাপমাত্রা থাকবে ১৯ থেকে ২১ ডিগ্রির মধ্যে।
আগামী কয়েকদিনে উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে সর্বনিম্ন ও সর্বোচ্চ, দুই তাপমাত্রাই বাড়তে পারে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েকদিনে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদহ ও সংলগ্ন জেলাতে ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে পারদ।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে। যার অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিক। যা আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরও শক্তিশালী রূপে। যার জেরে বৃষ্টির সম্ভাবনা।




