কলকাতা: সমাজমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ৷ পুলিশ আধিকারিক ও কর্মীদের ভাবমূর্তি অটুট রাখা এবং নাগরিকদের আস্থা বজায় রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। কলকাতাসহ সব শাখার পুলিশ আধিকারিক ও কর্মীদের জন্য এই নিয়ম প্রযোজ্য।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাজমাধ্যমে কোনও তথ্য প্রকাশের আগে তা যাচাই করা বাধ্যতামূলক। ব্যক্তিগত মতামত, রাজনৈতিক মন্তব্য বা বিতর্কিত বক্তব্য পোস্ট করা যাবে না। কর্তৃপক্ষের মতে, পুলিশের সদস্যদের বক্তব্য অনেক সময় সরকারি মত হিসেবে ধরা হয়, ফলে ভুল বা আবেগপ্রসূত পোস্ট বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
নির্দেশিকায় সরকারি প্রকল্প, নীতি, ধর্মীয় বিষয় বা রাজনৈতিক প্রসঙ্গে মন্তব্যের ক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার কথা বলা হয়েছে। সহকর্মী, ঊর্ধ্বতন আধিকারিক বা অন্য দফতর সম্পর্কে প্রকাশ্যে সমালোচনামূলক মন্তব্য করা নিষিদ্ধ। তদন্তাধীন মামলা, গোপন নথি বা সংবেদনশীল অভিযানের তথ্য প্রকাশের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
এছাড়া দায়িত্বপালনের সময় কোথাও যাওয়া বা বিশেষ অভিযান সংক্রান্ত তথ্য সমাজমাধ্যমে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে নিরাপত্তা বা তদন্তে কোনও বাধা না আসে। ব্যক্তিগত অ্যাকাউন্টে সরকারি ই-মেল আইডি ব্যবহার নিষিদ্ধ হলেও জরুরি জনস্বার্থ বিষয় দফতরের নজরে আনতে ব্যক্তিগত বা দাফতরিক অ্যাকাউন্ট ব্যবহার করা যেতে পারে।
ইউনিফর্ম, ব্যাজ, সরকারি গাড়ি বা অফিসিয়াল সামগ্রী ব্যবহার করে ব্যক্তিগত প্রচারমূলক পোস্ট না করার নির্দেশও রয়েছে। ভাষা, পোশাক ও আচরণে সংযম বজায় রেখে পুলিশের পেশাগত মর্যাদা রক্ষা করার ওপর জোর দেওয়া হয়েছে। পুলিশ কর্তৃপক্ষের মতে, ডিজিটাল যুগে সচেতন সমাজমাধ্যম ব্যবহার নিশ্চিত করতেই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে৷




