কলকাতা: ভোটমুখী বাংলায় বিপুল কর্মসংস্থান স্বাস্থ্য পরিষেবায়। শুরু হয়েছে স্বাস্থ্য দফতরে নিয়োগ। স্বাস্থ্য দফতরের সার্কুলার অনুযায়ী ‘জেনারেল নার্সিং মিডওয়াইফারি’ বা জিএনএম নার্সিং পদের জন্য নারী পুরুষ মিলিয়ে ৩ হাজার ৩৬৩টি শূন্যপদের ঘোষণা করা হয়েছিল। সেখানে আবেদন জমা পড়েছিল ৪০ হাজারেরও উপরে। ইতিমধ্যেই একাধিক পোস্টে নিয়োগ সম্পূর্ণ হয়ে গিয়েছে। বিভিন্ন ধাপে পরীক্ষার পর ঘোষণা করা হয়েছে প্যানেল।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মেডিক্যাল টেকনোলজিস্ট পদে শূন্যপদ ছিল ৮০৭টি। আবেদন জমা পড়েছিল ৪ হাজার ২৯৭। তার মধ্যে ৪ হাজার ২০ জনকে কম্পিউটার টেস্টের জন্য চিহ্নিত করা হয়। কম্পিউটার টেস্টের ফলাফল অনুযায়ী ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন ১ হাজার ৫৪৭ জন। দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে প্রতিটি সরকারি হাসপাতালে নিয়োগ করা হবে মেডিক্যাল টেকনোলজিস্ট।
আবার, নতুন চাকরি প্রাপকদের মধ্যে রয়েছেন ২ হাজার ৬১১ জন স্টাফ নার্সও। এছাড়াও রাজ্যের প্রতিটি সরকারি মেডিক্যাল কলেজে একাধিক বিভাগে সব মিলিয়ে ৪১৬ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হয়েছে। প্রতিটি সরকারি মেডিক্যাল কলেজে ৪৭টি ভিন্ন ভিন্ন বিভাগে প্রায় ৫২২টি শূন্যপদ ছিল। সেখানেই নিয়োগ করা হয়েছে সহকারী অধ্যাপক।
পাশাপাশি, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদেও প্রতিটি জেলায় নিয়োগ করা হয়েছে চিকিৎসকদের। জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার বা জিডিএমও পদে শূন্যপদ ছিল ১ হাজার ২২৭। সেখানে আবেদন জমা পড়েছিল প্রায় আটগুণ। ৮ হাজার ৪৯ জন আবেদন করেছিল। তার মধ্যে ১ হাজার ১৩২ জনের প্যানেল প্রকাশ করা হয়েছে। খুব শিগগিরি প্রকাশ পেতে চলেছে ফার্মাসিস্টদের প্যানেলও।




